নিজস্ব সংবাদদাতা, মুম্বাই। গত আট বছরে হিন্দি চলচ্চিত্র জগতে বহু পরিবর্তন এসেছে। তাই এই গত আট বছরে বহু কাজ হাতছাড়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন এআর রহমান। তার পর থেকেই কটাক্ষের মুখে তিনি। বলিউডের অনেকেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এবার মুখ খুললেন জাভেদ জাফরী। তিনি সুরকারের সঙ্গে সহমত। জাভেদের মতে, সত্যিই নানা বদল এসেছে। তবে তা শুধুই চলচ্চিত্রজগতেই নয়, সর্বত্র। তাঁর কথায়, “সারা বিশ্বে যেমন পরিবর্তন এসেছে, এই ইন্ডাস্ট্রিতেও তেমনই বদল এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে। বিশ্বের পরিবর্তন হচ্ছে। ফ্যাশন ও খাওয়াদাওয়ার ধরনে পরিবর্তন আসছে। মানুষের মূল্যবোধ বদলাচ্ছে। নতুন প্রজন্মের ধৈর্যক্ষমতাও কমছে। তারা কোনও কিছুতে মাত্র ৬ সেকেন্ড মনোযোগ দিতে পারে।” নতুন প্রজন্মের অস্থির মনভাবের কথা মাথায় রেখেই ‘কনটেন্ট’ তৈরি হচ্ছে বিভিন্ন চ্যানেলে, মত জাভেদের।

































































































































































































