কুন্তল চক্রবর্তী, বনগাঁ। সংগঠনের প্রতি দায়িত্ববোধ ও স্বচ্ছতার বার্তা তুলে ধরে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি শোভন বৈদ্য। বনগাঁ জেলা দলীয় কার্যালয়ে সংগঠনের একটি সভা শেষ হওয়ার পর তিনি নিজেই ঝাড়ু হাতে তুলে নিয়ে কার্যালয় পরিষ্কার করতে উদ্যোগী হন।
দলীয় কর্মীদের উপস্থিতিতেই তিনি নিজের হাতে অফিস ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। নেতৃত্বের এই উদ্যোগে কর্মী-সমর্থকদের মধ্যেও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, নেতৃত্ব যদি নিজের দায়িত্ব এভাবেই পালন করেন, তাহলে সংগঠনের প্রতি কর্মীদের দায়বদ্ধতাও আরও বাড়ে।
এই প্রসঙ্গে বিজেপি বনগাঁ উত্তর মণ্ডল চার-এর দুই সাধারণ সম্পাদক তুফান ঘোষ এবং সোমনাথ দত্ত বলেন, শোভন বৈদ্যের এই কাজ কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয়। তাঁদের কথায়, “একজন প্রকৃত নেতৃত্ব শুধু নির্দেশ দেন না, নিজের কাজের মধ্য দিয়েই কর্মীদের সামনে উদাহরণ তৈরি করেন। শোভন বৈদ্য সেই উদাহরণই স্থাপন করেছেন।”
তাঁরা আরও জানান, স্বচ্ছতা শুধু একটি স্লোগান নয়, এটি একটি মানসিকতা। দলীয় কার্যালয়কে নিজের ঘরের মতো মনে করে পরিষ্কার রাখা প্রত্যেক কর্মীর দায়িত্ব। শোভন বৈদ্যের এই উদ্যোগ সংগঠনের মধ্যে সেই সচেতনতার বার্তাই নতুন করে তুলে ধরল বলে মত তাঁদের।

































































































































































































