এবার বাংলায় বিজেপির সরকার, হুকার অমিত শাহের।
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি/ব্যারাকপুর। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বঙ্গের দিকে নজর বিজেপির শীর্ষ নেতৃত্বের। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – দেশে অধিকাংশ রাজ্য আপাতত বিজেপির আওতায় । দিকে দিকে উড়েছে গেরুয়া নিশান। দেশের ২১ রাজ্য বিজেপি শাসিত। এখন তাদের নজর বঙ্গের দিকে। তাদের পাখির চোখ বাংলার ওপর। শনিবার শিলিগুড়ির জনসভা থেকে সেকথা একেবারে স্পষ্ট করে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ২১ টি রাজ্যে আমাদের সরকার আছে। তা সত্ত্বেও খুশি নন মোদি। বাংলায় সরকার গড়তে পারলেই সোনালি সাফল্য আসবে।” ছাব্বিশে অবশ্য বঙ্গদখল নিয়ে আত্মবিশ্বাসী শাহ। বললেন, ”মমতা সরকারের বিদায় হবেই।”আজ নয়, দীর্ঘদিন ধরে বিজেপির চোখে ‘সোনার বাংলা’র ক্ষমতা পাওয়ার স্বপ্ন। একুশের বিধানসভা ভোটের প্রচারে এসে অমিত শাহর বারবার স্লোগান তুলেছিলেন ‘আব কি বার/২০০ পার।’ সেবার ৭৭-এ আটকে গিয়েছিল ২০০ পেরনোর স্বপ্ন। চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে আরও ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। উনিশের তুলনায় সাংসদ সংখ্যা কমেছে। অন্যদিকে, ঘাসফুল শিবির রাজনীতিতে ফের দাপট দেখিয়েছে। এবার সামনে ছাব্বিশের নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চতুর্থবার ফেরা নিয়ে সংশয় নেই রাজনৈতিক মহলের একটা বড় অংশেরই। আর এই অবস্থায় দাঁড়িয়ে অমিত শাহ বললেন উলটো কথা। বারাকপুর থেকে শিলিগুড়ি, কর্মিসভায় শাহর দাবি, বর্তমান সরকারের দুর্নীতিতে মানুষের প্রাণ ওষ্ঠাগত। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন। আর তাই এবার মমতা সরকারকে বিদায় করার সময় আসন্ন। ছাব্বিশের ভোটেই তাঁর বিদায় হবে।

































































































































































































