মৌসুমী দাস, বসিরহাট।হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও গ্রামাঞ্চলে। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তার খাতিরে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গোটা মহাকুমা জুড়ে তৈরি হয় উৎকণ্ঠার পরিবেশ।স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিমোহিনীর পশ্চিম পাড়ায় একটি বাড়ির ভেতরে টাইলস খসে পড়ে। কম্পন অনুভব করেই পরিবারের সদস্যরা দ্রুত ঘর ছেড়ে বাইরে চলে আসেন। যদিও বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি, তবুও আতঙ্কে কিছুক্ষণ বাড়ির বাইরে অবস্থান করেন বাসিন্দারা।অন্যদিকে সন্দেশখালির কালিনগর হাইস্কুলের একটি দেওয়ালে ফাটল দেখা যায় বলে অভিযোগ। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন। বসিরহাট ৭২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের কাঁচ ভেঙে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। ব্যবসায়ীরা জানান, আচমকা কম্পনে কাঁচ কেঁপে উঠে ভেঙে পড়ে।বসিরহাট মহাকুমার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে। কোথাও বাড়ির দেওয়ালে চির ধরা, কোথাও বা হালকা ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।ভূমিকম্পের তীব্রতা ও উৎপত্তিস্থল সম্পর্কে সরকারি ভাবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আপাতত বড় ধরনের প্রাণহানির কোনও খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের মনে।

































































































































































































