নিজস্ব সংবাদদাতা, মালদা। শনিবার মালদা থেকে এই ট্রেনের শুভসূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মালদার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব,রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।এদিনের রাধিকাপুর এসএমভিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন উপলক্ষ্যে রাধিকাপুর,কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ রেলস্টেশনকে সুন্দর করে সাজানো হয়।আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার সঙ্গেই রাধিকাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে রাধিকাপুর ব্যাঙ্গালোর সাপ্তাহিক ট্রেন।একবার স্বচক্ষ্যে বহু প্রতিক্ষীত এই ট্রেনকে দেখার জন্য স্টেশনগুলিতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেল।পুষ্পবর্ষন করে নতুন ট্রেনকে স্বাগত জানানো হয়।উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন,উত্তর দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল,দক্ষিন ভারতের ট্রেন।চিকিৎসার জন্য,পড়াশুনার জন্য বা বিভিন্ন কারনে জেলা তথা রায়গঞ্জবাসীদের দক্ষিন ভারতে যেতে হয়। এই ট্রেন চালানোর প্রয়াস ছিল।সাংসদ কার্তিকচন্দ্র পাল উদ্যোগী হয়ে বিষয়টিতে দরবার করেন। রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেন যাত্রা শুরু করা অত্যন্ত আনন্দের।এটাই প্রমান হল,কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গবাসীর কথা ভাবে। তাই এতগুলো নতুন ট্রেনের আজ উদ্বোধন হল।

































































































































































































